০৩ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): দুই ডোজ টিকা নেয়ার পরও করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। নিজের ৬২তম জন্মদিনে কোভিড-১৯ পজিটিভের খবর পান তিনি।
শুক্রবার এক টুইট বার্তায় নিজের করোনা শনাক্তের কথা নিশ্চিত করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ। খবর: বার্তা সংস্থা এএফপি।
তিনি জানান, ‘জ্বর ও হালকা মাথাব্যথার কারণে করোনার পরীক্ষা করতে গিয়েছিলাম। আজ দিন শেষে সেটির ফলাফল পজিটিভ এসেছে’।
তিনি আরও জানান, প্রথম দফায় তিনি অ্যান্টিজের পরীক্ষা করিয়েছেন। এখন পিসিআর ল্যাবে পরীক্ষার ফলাফলের অপেক্ষা করেছেন।
করোনা শনাক্ত হওয়ায় আলবার্তো ফার্নান্দেজ বর্তমানে স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন। কিন্তু শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন। ফার্নান্দেজ বলেন, এই খবরটি ছাড়া জন্মদিন পার করতে পারলে খুশি হতাম। কিন্তু আমি মানসিকভাবে প্রফুল্ল আছি’।
আর্জেন্টিনার প্রেসিডেন্টের এক মুখপাত্রের বরাতে এএফপি বলছে, তাকে রাশিয়ার স্পুতনিক-ভি টিকা দেয়া হয়েছিল। গত ১১ ফেব্রুয়ারি তিনি টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেলেন।
এএফপি জানিয়েছে, আর্জেন্টিনায় করোনার দ্বিতীয় ঢেউ আঘাত করেছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রায় ২৩ লাখ করোনা ভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত করা হয়েছে। ৫৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
করোনা ভাইরাস/এসকেএম















