করোনা মোকাবেলায় ভুল পথে যুক্তরাষ্ট্র

২৬ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্র করোনা নিয়ন্ত্রণে ভুল পথে যাচ্ছে বলে আবারও সতর্ক করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি।

রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা বিষয়ক উপদেষ্টা ফাউচি এ সতর্ক করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস পরিস্থিতি টিকা গ্রহণ করেনি এমন মানুষের মধ্যে মহামারি আকার নিচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা নেয়া লোকজনের জন্য মাস্ক ব্যবহারের বিধি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।

ফাউচি বলেন, যেসব এলাকায় টিকা দেয়ার হার কম সেসব জায়গায় এই ভাইরাসের ডেল্টা ধরনের কারণে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে।

ডক্টর ফাউচি বলেন, টিকা দেয়ার হার কম এমন এলাকার স্থানীয় নেতাদের উচিত লোকজনকে টিকা দেয়ার জন্য উৎসাহিত করা।

যুক্তরাষ্ট্রের ১৬ কোটি ২৭ লাখ মানুষ বা মোট জনগোষ্ঠীর ৪৯ শতাংশ করোনার টিকা গ্রহণ করেছেন। গত এপ্রিল পর্যন্ত টিকা প্রদানে বিশ্বের শীর্ষ স্থানে ছিল যুক্তরাষ্ট্র। তারপর থেকেই দেশটিতে টিকা গ্রহণে আগ্রহ কমতে থাকে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে টিকা গ্রহণের হার কম। সেখানকার অর্ধেকেরও কম বাসিন্দা এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন।

দেশটিতে গত মে এবং জুন মাসে দৈনিক শনাক্তের হার কমে আসলেও তা আবারও বাড়তে শুরু করে। এরই মধ্যে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যুর সংখ্যা ছয় লাখ ১০ হাজার ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র/এসকেএম