৫ জুন ২০২১ (নিউজ ডেস্ক): পরিবেশ বিপর্যয় থেকে দেশবাসীকে বাঁচানোর পাশপাশি অর্থনৈতিকভাবে লাভবান হতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিশ্ব পরিবেশ দিবসে আমি নিজে বৃক্ষ রোপণ করলাম। সেই সাথে দেশবাসীকে আহ্বান জানাবো, যার যেখানে যতটুকু জায়গা পান গাছ লাগান।
শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে একটি গাছের চারা রোপণ করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’ এর উদ্বোধন করে দেয়া ভাষণে একথা বলেন।
তিনি বলেন, তিনটা করে গাছ লাগাতে পারলে সব থেকে ভাল হয়। আর সেটা যদি না পারেন অন্তত একটা করে পারলেও লাগাবেন। আমরা চাই, একটা ফলদ, একটা বনজ, একটা ভেষজ-এই তিন ধরনের গাছ লাগাবেন।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায়, নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সব দিক থেকে যেটা সবচেয়ে বেশি উপযোগী সেটা হলো ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা।
সরকার প্রধান বলেন, আপনারা সবাই গাছ লাগাবেন এবং গাছের যত্ন করবেন। সেই গাছ একদিন ফল দেবে, কাঠ দেবে অথবা ওষুধ দেবে, আপনারা নানা ভাবে উপকৃত হবেন।
তিনি বলেন, এই দেশ আমাদের। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে, আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। বনায়নের ক্ষেত্রে আমাদের অনেক সাফল্য। আজ প্রায় ২২ ভাগ বনায়ন সৃষ্টি হয়েছে। তাছাড়া, আমাদের পারিবারিক ভাবে বাগান সৃষ্টি হচ্ছে। সবাই এখন সচেতন।
পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
এ বছর মুজিববর্ষে দেশকে সবুজে শোভিত করে ফেলতে জাতীয় বৃক্ষরোপন অভিযানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি।’ অন্যদিকে, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবার প্রতিপাদ্য নির্ধারণ করেছে-‘ইকোসিস্টেম রিস্টোরেশন বা বাস্তুতন্ত্র পুণরুদ্ধার।’
পরিবেশ দিবস/টিটি/আরএম
















Leave a Reply