নির্বাচনের ফল পালটে দেয়ার মামলায় অভিযুক্ত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনী ফল পাল্টে দেয়ার প্রচেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছে জর্জিয়ার একটি আদালত। অভিযোগে বলা হয়েছে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের কাছে পরাজয়ের ফলাফল পালটে দেয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প।

মঙ্গলবার জর্জিয়ার আদালত ট্রাম্পসহ মোট ১৯ জনকে এ অভিযোগে অভিযুক্ত করেছেন। খবর: আলজাজিরা।

রাজ্যের ফুলটন কাউন্টির বিভাগীয় অ্যাটর্নি ফানি উইলস ২০২১ সাল থেকে জর্জিয়ায় ট্রাম্পের ফলাফল পালটে দেয়ার প্রচেষ্টার তদন্ত করছিলেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনার পর অ্যাটর্নি ফানি উইলস জানিয়েছেন, ট্রাম্পসহ বাকি ১৮ বিবাদীকে আগামী ২৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণ করতে হবে।

অ্যাটর্নি বলেন, অভিযুক্তর পরবর্তী অংশ হিসেবে, জর্জিয়ার সাধারণ আইন অনুযায়ী, বিচারকরা অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আমি বিবাদীদের আগামী ২৫ আগস্ট পর্যন্ত ঐচ্ছিকভাবে আত্মসমর্পণের সুযোগ দিচ্ছি।

এই অ্যাটর্নি আরও জানান, জর্জিয়ার নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে কখন ট্রাম্পের বিচার শুরু হবে সেটি বিচারকরা ঠিক করবেন। কিন্তু তার দপ্তর পরামর্শ দেবে, যেন আগামী ৬ মাসের মধ্যে এই বিচার শুরু হয়।

এদিকে জর্জিয়ায় অভিযুক্ত হওয়ার মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সব মিলিয়ে ৪টি অপরাধমূলক অভিযোগে অভিযুক্ত হলেন। জর্জিয়ায় ট্রাম্পসহ অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে ১১টি ধারায় অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে রয়েছে জালিয়াতি এবং তাণ্ডবের অভিযোগ। এটি মূলত সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে বিচার করতে ব্যবহার করা হয়।

ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটির সূত্রপাত ২০২১ সালের ২ জানুয়ারি। ওইদিন জর্জিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তা ব্র্যাড র‌্যাফেনসপারগারকে ফোন করে রাজ্যে নিজের পরাজয় ঠেকানোর ব্যবস্থা করতে বলেন ট্রাম্প। কিন্তু ব্র্যাড তার এ অনুরোধ প্রত্যাখ্যান করেন। এর চারদিন পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের অনুসারীরা ক্যাপিটল হিলে আক্রমণ করে বসেন। একই দিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে সিনেটের স্বীকৃতি দেয়ার কথা ছিল।

যুক্তরাষ্ট্র/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *