বলসোনারোর মার্কিন ভিসা বাতিল করতে বাইডেনের প্রতি আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর মার্কিন ভিসা বাতিলের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।

বৃহস্পতিবার বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা এই আহ্বান জানান। তারা বলেন, ব্রাজিলের নবনির্বাচিত সরকারের বিরুদ্ধে দাঙ্গায় জড়িত কাউকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়া উচিত নয়। খবর: এএফপি।

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো নির্বাচনে পরাজিত হওয়ার পর গত ৩০ ডিসেম্বর তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যান।

পয়লা জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নির্বাচনে জয়ী দেশটির বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত বলসোনারোর বিষয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের ৪১ জন সদস্য বাইডেনকে একটি চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, যখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা গণতান্ত্রিক রীতিনীতি নষ্ট করেন, ভুল তথ্য ছড়ান, সহিংস চরমপন্থা উসকে দেন, তখন তার তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, তা তারা জানেন।

মার্কিন আইনপ্রণেতারা বলেন, দায়িত্বে থাকাকালে কোনও অপরাধ করলে তার বিচার থেকে বাঁচতে বলসোনারো বা অন্য কোনও সাবেক ব্রাজিলীয় কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে অবশ্যই আশ্রয় দেয়া উচিত নয়।

যুক্তরাষ্ট্রে বলসোনারোর এখনকার সফর বৈধ কি না, তা মূল্যায়ন করে দেখার জন্য বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।

যুক্তি হিসেবে মার্কিন আইনপ্রণেতারা বলেন, বলসোনারো সরকারি ব্যক্তির জন্য প্রযোজ্য ভিসায় যুক্তরাষ্ট্র সফরে আসেন। কিন্তু তিনি এখন আর ব্রাজিলের প্রেসিডেন্ট নেই। ফলে আগের ভিসায় এখন যুক্তরাষ্ট্রে তার অবস্থান বৈধ কি না, তা খতিয়ে দেখা দরকার।

যুক্তরাষ্ট্র/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *