ব্রাসেলসে জাতীয় শোক দিবস পালন

১৬ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, বেলজিয়াম): ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে।

সোমবার ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাসের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভার্চ্যুয়ালি আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার ও ১৯৭৫ সালের ১৫ই আগস্টের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আলোচনায় রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ অভিন্ন ও সমার্থক। ১৯৭৫ সালের ১৫ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার মাধ্যমে কার্যত মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন-সর্বভৌম বাংলাদেশকে হত্যা করা হয়। কিন্তু জাতির পিতার অবর্তমানে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে আলোর দিশা দেখিয়ে যাচ্ছেন। রাষ্ট্রদূত সালেহ্ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারের রায় কার্যকর করতে প্রবাসীদের আন্তর্জাতিক জনমত গঠনে জোরালো ভূমিকা রাখার আহবান জানান।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অনুষ্ঠানে বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যরা বক্তব্য রাখেন। তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্গম পথ পাড়ি দিয়ে বাঙালি জাতির স্বাধীন বাংলাদেশের স্বপ্ন পূরণ করেছে। কিন্তু তাঁকে সপরিবারে হত্যার মাধ্যমে বিশ্বের কাছে অকৃতজ্ঞ জাতি হিসেবে বাঙালিরা পরিচিতি পেয়েছিল।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রদর্শন করা হয়।

ব্রাসেলস দূতাবাস/আরএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *