যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সময় রোববার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লটসভিল শহরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয়। এর পরপরই সকাল ১০টা ৪০ মিনিটে ক্যাম্পাসে থাকা সবাইকে নিজ অবস্থানে চলে যেতে বলা হয়। সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজতে পুরো ক্যাম্পাস বন্ধ করে দেয়া হয়।

পুলিশ বলছে, সন্দেহভাজন ওই বন্দুকধারী ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। নাম ক্রিস্টোফার ডারনেল জোনস জুনিয়র। তার কাছে বন্দুক রয়েছে। পরনে রয়েছে বার্গেন্ডি (লাল ও বেগুনির মিশেল) রঙের জ্যাকেট, নীল জিনস প্যান্ট ও লাল জুতা।

গতকাল সকালে পুলিশের দেয়া ভাষ্যমতে, সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজে এখনও মাঠে রয়েছে পুলিশের একাধিক বিভাগ। খোঁজাখুঁজিতে ভার্জিনিয়া পুলিশের একটি হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

এদিকে গুলিতে হতাহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না, তাও জানানো হয়নি।

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জিম রেয়ান বলেন, আহত দুজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। গতকালের সব ক্লাস স্থগিত করা হয়েছে।

গোলাগুলি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ