হাইতিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

১৪ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলে ভয়াবহ এ ভূমিকম্প হয় বলে যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে দূরে।

জানা যায়, ভূমিকম্পের পর সেখানকার বাড়িঘর মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। এতে ভেঙে পড়া বাড়ি ঘরের নিছে চাপা পড়ে বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর পার্শ্ববর্তী দেশগুলোতেও দীর্ঘ সময় আফটার শক অনুভূত হয়।

উল্লেখ্য, এর আগে ২০১০ সালের ৭ মাত্রার একটি তীব্র ভূমিকম্পে দেশটিতে আড়াই লাখ মানুষের মৃত্যু হয়েছিল। সেই ভূমিকম্পের ধকল এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ক্যারিবীয় অঞ্চলের এই দরিদ্র দেশটি।

ভূমিকম্প/এসকেএম