ইরানের ওপর শত শত নিষেধাজ্ঞা বহাল থাকবে

০৯ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে আবার যোগ দিলেও ইরানের ওপর শত শত নিষেধাজ্ঞা বহাল থাকবে।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ কথা বলেছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরানের সাথে যে পরমাণু চুক্তি সম্পাদিত হয় তা সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাতিল করে দেয়।

প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেয়ার পর থেকে চুক্তিতে ওয়াশিংটনের পুনরায় যোগ দেয়া নিয়ে ইরানের সাথে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।

এ প্রেক্ষিতে সিনেটে শুনানীকালে ব্লিংকেন বলেন, পরমাণু চুক্তিতে ওয়াশিংটন ফিরে গেলেও আমি আশা করি ট্রাম্প প্রশাসনের আরোপিতসহ শত শত নিষেধাজ্ঞা ইরানের ওপর বহাল থাকবে।

তিনি বলেন, চুক্তির সাথে অসংগতি পূর্ণ না হলে এবং ইরানের আচরণে পরিবর্তন না আসলে এসব অবরোধ থেকে যাবে।

উল্লেখ্য, ইউরোপীয় কূটনীতিকদের মধ্যস্থতায় ভিয়েনায় ইরানের পরমাণু চুক্তি নিয়ে যে আলোচনা চলছে তা অবরোধ তোলার বিষয় নিয়ে আটকে আছে।

এদিকে ইরান সব অবরোধ তুলে নেয়ার ওপর জোর দিচ্ছে। কিন্তু বাইডেন প্রশাসন চাচ্ছে মানবাধিকার ও চরমপন্থীদের প্রতি ইরানের সমর্থনজনিত উদ্বেগ থেকে যে সব অবরোধ আরোপ করা হয়েছে সেগুলা বহাল রাখতে।

যুক্তরাষ্ট্র/এসকেএম