ইসরায়েলের যুদ্ধ শেষ করা উচিত

আন্তর্জাতিক ডেস্ক: হামাসের ৭ অক্টোবরের ভয়ঙ্কর হামলার পর ইসরাইল যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তিনি হলেও একই রকম প্রতিক্রিয়া দেখাতেন। কিন্তু গাজা যুদ্ধের কারণে ইসরাইল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে। তাই ইসরাইলের গাজায় যুদ্ধ শেষ করা উচিত। এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরাইলের একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হামাস যেভাবে ইসরাইলের দক্ষিণাঞ্চলে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে তা এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে দুঃখজনক ঘটনার একটি। তবে আমি বলবো, আপনাকে আপনার এই যুদ্ধ বন্ধ করতে হবে। আপনাকে অবশ্যই এটা শেষ করতে হবে, এটার অবসান ঘটাতে হবে।

ইসরাইল হায়ম সোমবার ট্রাম্পের এই সাক্ষাৎকারটি প্রকাশ করে। ট্রাম্পের এই সাক্ষাৎকারের ভিডিও পত্রিকাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পত্রিকাটি থেকে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, হামাসের নজিরবিহীন ওই হামলায় নিজের পরিবারের সদস্যরা নিহত হলে তার প্রতিক্রিয়া কেমন হতো?

জবাবে ট্রাম্প বলেন, আমি বলতে পারি, আপনারা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন আমিও অনেকটা তেমন প্রতিক্রিয়াই দেখাতাম। আপনাকে তখন সাহস দেখাতেই হতো। একমাত্র বোকারাই ওমনটা করবে না। ওটা ছিল ভয়ঙ্কর হামলা। তাই আমি যখন দেখি লোকজন ৭ অক্টোবর নিয়ে কথা বলছে না। বরং ইসরাইল কতখানি আক্রমণাত্মক শুধু সেটা নিয়ে কথা বলছে, তখন আমার বিরক্ত লাগে।

গত বছর ৭ অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ইসরাইলে হামলা চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ১২শ’ মানুষকে হত্যা করে। জিম্মি করে নিয়ে যায় আরও প্রায় ২৫০ জনকে। তীব্র প্রতিক্রিয়ায় সেইদিন থেকেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইল। গাজা যুদ্ধের বয়স ছয় মাস হতে চলেছে। ইসরাইল বলেছে, গাজা থেকে হামাসকে নির্মূল এবং সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত তারা অভিযান অব্যাহত রাখবে।

ডোনাল্ড ট্রাম্প/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *