ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে পোল্যান্ডে যেতে পারেন বাইডেন

নিউজ ডেস্ক: ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি। গত বছরের এদিনে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ শুরুর বর্ষপূর্তিতে ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডে সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো পোল্যান্ডে যাচ্ছেন বাইডেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে শুক্রবার সাংবাদিকদের বলেন, ২০ ফেব্রুয়ারি পোল্যান্ড সফরে যেতে পারেন প্রেসিডেন্ট বাইডেন। থাকবেন ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। সফরকালে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সাথে বাইডেনের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া পোল্যান্ড সফরে গিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলোর জোট বুখারেস্ট নাইনের সাথে বৈঠক করার কথা রয়েছে জো বাইডেনের। এ বিষয়ে কারিন জ্যঁ-পিয়েরে বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক এবং ইউক্রেনকে সহায়তা দিতে সমন্বিত উদ্যোগের বিষয়ে আলোচনা বাইডেনের সফরে অগ্রাধিকার পাবে।

কারিন জ্যঁ-পিয়েরে আরও জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আনুষ্ঠানিক ভাষণ দেবেন জো বাইডেন।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর দেশ ছেড়ে যাওয়া উদ্বাস্তু এবং দেশটিকে পশ্চিমা সামরিক সহায়তা দেয়ার অন্যতম কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে ন্যাটোর সদস্যদেশ পোল্যান্ড। গত বছরের মার্চে পোল্যান্ডে ঝটিকা সফরে গিয়েছিলেন জো বাইডেন। যদিও তিনি নিরাপত্তার কারণে ইউক্রেনে যাননি। গত বছরের মে মাসে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে সফর করেন মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *