১৭ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের টেক্সাস ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে মারা গেছেন অন্তত ২১ জন। বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন কয়েক লাখ মানুষ।
দেশটির টেনেসি, কেনটাকি ও লুইজিয়ানা রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশিরভাগ মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেক্সাসে। খবর: রয়টার্স।
টেক্সাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় অন্তত ৪০ লাখ মানুষ। আরিজোনায় অন্তত আড়াই লাখ মানুষ বিদ্যুৎবিহীন জীবনযাপন করছেন। অন্যান্য স্থানে আরও আড়াই লাখ মানুষ অন্ধকারে বাস করছে।
টেক্সাসের পরিস্থিতি সামাল দিতে এবং কেন্দ্রীয় সরকারের সাহায্য পৌঁছে দিতে প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি অবস্থা জারি করেছেন। যে সময় জরুরি অবস্থা জারি করা হয়, তখন টেক্সাসের বিভিন্ন এলাকার তাপমাত্রা ছিল হিমাঙ্কের ২ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, বিদ্যুৎ উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আবার চালু করতে ন্যাশনাল গার্ডের সদস্যরা কাজ করছেন।
যুক্তরাষ্ট্র/এসকেএম
















Leave a Reply