কোভিড-১৯ রোগের চিকিৎসা শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটনের কাছেই মেরিল্যান্ডে বেথেসডার সামরিক হাসপাতালে তার চিকিৎসা চলছে। আগামী কয়েকদিন তিনি সেখানেই চিকিৎসা নিবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনিও করোনা পজেটিভ।
শুক্রবার একটি হেলিকপ্টারে করে তারা হাসপাতালে পৌঁছেন। খবর: ফক্স নিউজ, বিবিসি ও এএফপি।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প ট্যুইট করে জানান, তিনি ও ফার্স্ট লেডি করোনা পজেটিভ। তার এ ঘোষণার প্রায় ১৫ ঘন্টা পর হোয়াইট হাউস এ পদক্ষেপ নিল। হোয়াইট হাউস বলছে, ৭৪ বছর বয়েসি প্রেসিডেন্টের জন্য সাবধানতার অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

জ্বর, ক্বফ ও শ্বাসকষ্টের মত করোনার উপসর্গগুলোর কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হলে তার শরীরী করোনা ভাইরাস শনাক্ত হয়। ধারণা করা হচ্ছে, নির্বাচনী প্রচারণাকালে তিনি আক্রান্ত হয়েছেন।
মাস্ক পরা মিস্টার ট্রাম্প কারও সহায়তা ছাড়াই হোয়াইট হাউসের বাইরে আসেন। সেখানে অপেক্ষায় থাকা সাংবাদিকদের উদ্দেশে হাত নেড়ে হেলিকপ্টারে উঠে যান। হাসপাতালে পৌঁছে তিনি ট্যুইটারে একটি ছোট্ট ভিডিও বার্তা পোস্ট করেন। তাতে তিনি তার সমর্থকদের ধন্যবাদ জানান।
বার্তায় তিনি বলেন, আমি ওয়াল্টার রিড হাসপাতালে যাচ্ছি। আমি মনে করি, আমি অনেক সুস্থ আছি।
বলেছেন ফার্স্ট লেডি সম্পর্কেও। জানান, ফার্স্ট লেডি অনেক সুস্থ আছেন।














