সিরিয়ায় হামলা ইরানের জন্য সতর্কতা

২৭ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সিরিয়ায় মার্কিন বিমান হামলা ইরানের জন্য সতর্কবার্তা হিসেবে দেখতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ব্যাপক শীতকালীন ঝড়ের পর শুক্রবার টেক্সাসের ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। খবর: এএফপি।

বিমান হামলা কী কোন বার্তা বহন করছে? এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত মিলিশিয়াদের স্থপনায় যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলাকে ইরানের উচিত সতর্ক বার্তা হিসেবে দেখা।

এদিকে সিরিয়া ও ইরান যুক্তরাষ্ট্রের এ হামলার নিন্দা জানিয়েছে। সিরিয়া এ হামলাকে বাইডেনের নতুন প্রশাসনের পক্ষ থেকে অশুভ ইঙ্গিত বলে উল্লেখ করেছে। ইরান বলেছে, এই হামলা এ অঞ্চলকে আবারও অস্থিতিশীল করে তুলবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানপন্থী মিলিশিয়াদের স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতিক সময়ে ইরাকে মার্কিন সেনাদের অবস্থানে রকেট হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বহু আহতের খবর পাওয়া গেছে।

হামলার কথা স্বীকার করে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনায় মার্কিন সামরিক বাহিনী সিরিয়ায় ইরানসমর্থিত মিলিশিয়াদের ব্যবহৃত স্থাপনায় হামলা চালিয়েছে।

তিনি বলেন, ইরাকে যুক্তরাষ্ট্র ও এর নেতৃত্বাধীন মিত্র বাহিনীর সেনাদের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এই বিমান হামলার অনুমোদন দেয়া হয়েছে।

কিরবি বলেন, কাতায়েব হিজবুল্লাহ ও খাতিব সাইয়িদ আল শুহাদাসহ ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর ব্যবহৃত সীমান্ত নিয়ন্ত্রণ পয়েন্টের বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দেয়া হয়েছে। 

আর একডজনের বেশি ইরান-সমর্থিত মিলিশিয়া নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যদিও এ নিয়ে পেন্টাগনের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সংস্থাটির প্রধান রামি আবদুল রহমান বলেন, গোলাবারুদবাহী তিনটি ট্রাক ধ্বংস হয়েছে। ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, প্রাথমিক তথ্য বলছে, অন্তত ১৭ যোদ্ধা নিহত হয়েছেন। তারা সবাই পপুলার মবিলাইজেশন ফোর্সের সদস্য। এ ছাড়া হাশেদ আল শাবির সদস্যরাও নিহত হয়েছেন।

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, মার্কিন হামলা ছিল সমানুপাতিক। কূটনৈতিক পদক্ষেপের সাথে সমন্বয় করে এই বিমান হামলা। জোটমিত্রদের সাথেও আলাপ করা হয়েছে।

জো বাইডেন/এসকেএম