ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা বাইডেনের

১৬ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): ইউক্রেনে আরও অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গত মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনালাপে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস দেয়ার পর কিয়েভে অস্ত্র পাঠানোর এ ঘোষণা দেন বাইডেন। খবর: এএফপি।

জো বাইডেন জানিয়েছেন, ইউক্রেনে আরও ১০০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্রের মধ্যে থাকবে কামান, জাহাজ বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, কামানের গোলা ও অত্যাধুনিক রকেট ব্যবস্থা। যুদ্ধে ইতিমধ্যে এই রকেট ব্যবস্থা ব্যবহার করছে ইউক্রেন।

জেলেনস্কির সাথে ফোনালাপে জো বাইডেন বলেন, কোনও ধরনের উসকানি ছাড়াই ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে। গণতন্ত্র রক্ষায় লড়ছে ইউক্রেন। তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সাহায্য চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রতিরক্ষা সহায়তার পাশাপাশি ওয়াশিংটনের পক্ষ থেকে ইউক্রেনকে আরও ২২ কোটি ৫০ লাখ ডলার মানবিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। মানবিক সহায়তার অংশ হিসেবে এই অর্থ দিয়ে ইউক্রেনের জন্য খাদ্য, সুপেয় পানি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জরুরি নিত্যপণ্য পাঠানো হবে বলে জানান তিনি।

অস্ত্র ও মানবিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়ে বাইডেন বলেন, ইউক্রেনের জনগণের সাহসিকতা, সহনশীলতা, সংকল্প সারা বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে।

জো বাইডেন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *