আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরের রাজধানী কিতোর একটি কারাগারে দুই গ্রুপের সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে দেশটির কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
অপরাধী দলের দুই প্রধানকে একটি সর্বোচ্চ নিরাপত্তা কেন্দ্রে সরিয়ে নেয়ার পর শুক্রবার এ সহিংসতা দেখা দেয় বলে জানিয়েছে তারা। খবর: রয়টার্স।
দেশটির কারাগারগুলোতে সহিংসতা হ্রাস করার লক্ষ্যে কর্তৃপক্ষ বন্দিদের মধ্যে যাদের অপরাধী দলের নেতা বলে বিবেচনা করছে তাদের নতুন একটি সর্বোচ্চ নিরাপত্তা কেন্দ্রে সরিয়ে নেয়া শুরু করেছে।
অপরাধী দল লোস লোবোসের প্রধান ‘বেরমুদেজ’ এবং আর৭ এর প্রধান ‘আনাচুনদিয়া’কে অন্যত্র সরিয়ে নেয়ার পর সহিংসতা শুরু হয়। কর্তৃপক্ষগুলো জানিয়েছে, কিতো ও সান্তো দোমিঙ্গোর কারাগারগুলোতে সাম্প্রতিক সহিংসতার জন্য এরা দায়ী।
কয়েক দশক ধরেই ইকুয়েডরের কারাগার ব্যবস্থাপনা কাঠামোগত সমস্যায় ভুগছে। ২০২০ সালের শেষ দিক থেকে জেল সহিংসতায় অন্তত ৪০০ লোক খুন হয়েছে যা বন্দিদের পরিবারগুলোকে আতঙ্কিত করে রেখেছে।
চলতি মাসের প্রথমদিকে প্রায় ১০০০ বন্দিকে অন্যত্র সরিয়ে নেয়ার প্রতিক্রিয়ায় সৃষ্ট দাঙ্গায় অন্তত পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়। এ দাঙ্গার সাথে সম্পর্কিত সহিংসতায় আরও অন্তত দুই বন্দি নিহত হয়।
ইকুয়েডর/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply