নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ভোটের ফল পাল্টে দেয়ার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলায় নিজেকে আবারও নির্দোষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আদালতের শুনানিতে সশরীরে হাজির হয়ে তিনি এ দাবি করেন।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেয়ার ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ রয়েছে তৎকালীন এই প্রেসিডেন্টের বিরুদ্ধে। ওই ভোটকে কেন্দ্র করে ২০২১ সালের ৬ জানুয়ারি নজিরবিহীন হামলা হয় ক্যাপিটল হিলে, যেখানে দেশটির আইনসভা বা কংগ্রেস ভবন অবস্থিত।

সেই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাপিটল হিলে হামলার অভিযোগের সংক্ষিপ্ত শুনানির সময় ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেন। এ সময় নরম স্বরে তিনি তার নাম, বয়স এবং তিনি কোনও দ্রব্যের প্রভাবাধীনে নাই বলে জানান।

শুনানি শেষে আদালত থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের ট্রাম্প বলেন, এই মামলা আমার ওপর রাজনৈতিক এক প্রতিপক্ষের নিপীড়ন।

এ নিয়ে চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো ফৌজদারি মামলার শুনানিতে হাজিরা দিলেন মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট।

আদালতের বিচারক মজিলা উপাধ্যায় জানান, মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ আগস্ট স্থানীয় সময় সকাল ১০টায় হবে।

মামলার পরবর্তী কার্যক্রম চলবে ডিস্ট্রিক্ট জজ তানিয়া চুটকানের আদালতে।

পরের শুনানিতে মামলার বিচার শুরুর তারিখ জানানো হতে পারে।

ট্রাম্প/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ