২৯ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেলেন তথ্য সচিব কামরুন নাহার। মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে যোগ দিবেন খাজা মিয়া।
রোববার বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য সচিব কামরুন নাহারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এতে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তার বক্তৃতায় বিদায়ী সচিব কামরুন নাহারকে সিভিল সার্ভিসের সর্বোচ্চ পর্যায়ের একজন দক্ষ, নির্মোহ ও ন্যায়পরায়ণ কর্মকর্তা হিসেবে অভিহিত করেন।
মন্ত্রী বলেন, তথ্য ক্যাডারের এই অনন্য কর্মকর্তা মন্ত্রণালয়ের অধিকাংশ দপ্তর ও সংস্থায় চাকুরির অভিজ্ঞতায় ঋদ্ধ হওয়ার কারণে তথ্য জগৎ সম্পর্কে স্বচ্ছ ধারণার অধিকারী ছিলেন। দেশের প্রথম নারী তথ্য সচিব হিসেবে তার কর্মদক্ষতায় এর প্রতিফলন ছিল সুস্পষ্ট।
তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেন, তথ্য ক্যাডারের কর্মকর্তা হয়েও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব এবং প্রথম নারী প্রধান তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করে কামরুন নাহার তার বিরল প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
বিদায়ী বক্তব্যে কামরুন নাহার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি চাকরিকালে বিভিন্ন নির্দেশনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তথ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী সবসময় তার পাশে ছিলেন। মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদেরও তিনি ধন্যবাদ জানান।
সভা পরিচালনা করেন অতিরিক্ত সচিব জাহানারা পারভীন। বক্তব্য রাখেন বিটিভি মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী সালমা বেগম, পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, নিমকো মহাপরিচালক বেগম শাহিন ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেন, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবির, ডিএফপি মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া, ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস-চেয়ারম্যান জসীম উদ্দিন, তথ্য কমিশনের সচিব সুদত্ত চাকমা, প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম ও বাসসের ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমান।
বিদায়ী তথ্যসচিব কামরুন নাহার ১৯৮৪ সালের বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা। তার স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
নতুন তথ্য সচিব খাজা মিয়া সোমবার তার নতুন পদে যোগ দিবেন।
তথ্য সচিব/কিউটি/রমু
















Leave a Reply