আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্রো তলেদোকে ২০ বছরের বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ব্রাজিলভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ওদেব্রেখত-সংশ্লিষ্ট মামলায় তাকে এই দণ্ড দেয়া হয়েছে।
সোমবার ঘুস নেয়ার দায়ে তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়। খবর: আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের ঠিকাদারি প্রতিষ্ঠান ওদেব্রেখতের কাছ থেকে ৩৫ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছিলেন বলে প্রমাণিত হয়েছে। পেরুতে একটি মহাসড়ক নির্মাণের ঠিকাদারি ওদেব্রেখতকে দেয়ার বিনিময়ে তিনি এই ঘুস নিয়েছিলেন। এই ঘুস গ্রহণের দায়ে তাকে ২০ বছর ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
এর আগে, গত সপ্তাহে এই মামলার শুনানির সময় তলেদো আদালতকে উদ্দেশ্য করে বলেন, তিনি ক্যানসারের রোগী। তিনি বলেন, আমি একটি বেসরকারি ক্লিনিকে যেতে চাই। আমি আপনার কাছে আবেদন জানাই, আমাকে সুস্থ হতে দিন অথবা আমাকে নিজ বাড়িতে শান্তিতে মরতে দিন।
লাতিন আমেরিকার দেশ পেরুতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন ৭৮ বছর বয়সী তলেদো। দীর্ঘদিন ধরে চলা এই বিচারকাজের সময় তলেদো ক্রমাগত তার বিরুদ্ধে আনা অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে তলেদোকে গ্রেফতার করা হয়। তারও আগে পেরু তাকে প্রত্যর্পণের অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্রের কাছে। তার সম্ভাব্য প্রত্যর্পণের বিষয়ে বছরের পর বছর আইনি বিতর্কের পর ২০২২ সালে ফেরত পাঠানো হয়।
ওদেব্রেখত সংশ্লিষ্ট বেশ কয়েকটি মামলা লাতিনের বেশ কয়েকটি দেশেই চলছে। এসব মামলায় পেরু, পানামা এবং ইকুয়েডরে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গুয়াতেমালা ও মেক্সিকোর মতো দেশগুলোতেও এই ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতির তদন্ত চলছে। তবে সম্প্রতি কোম্পানিটি নাম পরিবর্তন করে নভোনর করেছে।
পেরু/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply