১৭ ফেব্রুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৯৪জন নিহত হয়েছেন। এতে বহু বাড়িঘরও ধ্বংস হয়েছে।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
দেশটির রিওডি জেনেরিও প্রদেশের পার্বত্য শহর পেট্রোপলিসে মঙ্গলবার থেকে শুরু হওয়া মুষলধারে বর্ষণের কারণে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে পেট্রোপলিস শহরে জরুরি অবস্থা জারি করেছেন শহরের মেয়র।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিওডি জেনেরিও থেকে ৬৮ কিলোমিটার দূরে পাহাড়ের মধ্যে অবস্থিত পেট্রোপলিস শহরে প্রবল বৃষ্টি আঘাত হানার ফলে রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে। পাহাড়ের পার্শ্ববর্তী এলাকার বাড়িগুলো ধ্বংস হয়েছে এবং বহু গাড়ি পানিতে ভেসে গেছে।
দেশটির কর্মকর্তারা বলছেন, বন্যা ও ভূমিধসে প্রায় ৮০টি বাড়ি ধ্বংস হয়েছে।
স্থানীয় আবহাওয়া সংস্থা মেটসুলের তথ্য অনুযায়ী, পেট্রোপলিসের কিছু অংশে ছয় ঘণ্টারও কম সময়ে প্রায় ২৬ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা পুরও মাসের প্রত্যাশিত বৃষ্টির চেয়েও বেশি।
বিবিসির প্রতিবেদনে আরও জানা যায়, বন্যা ও ভূমিধসের পর এখনও উদ্ধার অভিযান চলছে। মূলত জীবিতদের খোঁজের জন্য তল্লাশি করছেন দেশটির সেনাসদস্য ও উদ্ধারকর্মীরা।
ব্রাজিলের ন্যাশনাল সিভিল ডিফেনস দপ্তর টুইটারে দেয়া এক বার্তায় জানিয়েছে, প্রবল বৃষ্টির জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৯৪ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রিওডি জেনেরিওর অগ্নিনির্বাপক দপ্তর জানিয়েছে, ১৮০ জনেরও বেশি দমকলকর্মী, সেনাসদস্য এবং অন্যান্য উদ্ধারকর্মী জীবিতদের উদ্ধারে ঘটনাস্থলে কাদায় চিরুনি তল্লাশি চালিয়েছে। সামাজিকমাধ্যমে দেয়া ভিডিওতে শহরের ব্যাপক ক্ষতি এবং রাস্তায় গাড়ি ভাসতে দেখা যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে, পেট্রোপলিস ও তার আশপাশের শহরের সড়কগুলোতে ব্যাপক স্রোতে বয়ে যাচ্ছে বন্যার পানি। আর সেই স্রোতে ভেসে চলেছে গাড়ি ও ভূমিধসের ফলে ভেঙে পড়া বাড়িঘরের ধ্বংসাবশেষ।
বন্যা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















