মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে এই ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানান।

সান্তা ক্রুজ নামের গির্জাটি মেক্সিকোর উত্তর-পূর্ব উপকূলীয় শহর সিউদাদ মাদেরোতে অবস্থিত। ছাদ ধসে পড়ার সময় গির্জাটিতে খ্রিষ্টধর্মে দীক্ষাদান উৎসব চলছিল।

মেক্সিকোর তামাউলিপাস প্রদেশ সরকারের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, গির্জার ছাদ ধসে সাত ব্যক্তি নিহত হয়েছেন। আহত ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আরও বলেন, গির্জার ছাদ ধসের এই ঘটনায় বেশ কিছু লোক আটকা পড়েছেন। তাদের উদ্ধারে জোর তৎপরতা চলছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই ঘটনায় অন্তত ২০ ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তারা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ ও গণমাধ্যমের বরাতে বিবিসির খবরে বলা হয়, ছাদ ধসে পড়ার সময় গির্জায় প্রায় ১০০ মানুষ ছিলেন। ছাদ ধসে সাতজন নিহত হয়েছেন। ২০ জন আটকা পড়েছেন। ৪৯ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, রেডক্রসের এক উদ্ধারকারী একটি টিভি চ্যানেলকে বলেছেন, মৃত মানুষের সংখ্যা বাড়তে পারে। কারণ, ছাদ ধসে পড়ার সময় গির্জায় অনেক মানুষ উপস্থিত ছিলেন।

তামাউলিপাসের গভর্নর অ্যামেরিকো ভিলারিয়াল এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, উদ্ধারপরিকল্পনা সমন্বয়ে নিরাপত্তা ও বেসামরিক সুরক্ষা বাহিনী কাজ করছে।

মেক্সিকো/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *