৭ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ওয়াশিংটন): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রজুড়ে প্রাপ্তবয়স্ক সবাই কয়েকদিনের মধ্যেই কোভিড-১৯ এর টিকা নিতে পারবেন।
মঙ্গলবার হোয়াইট হাউস থেকে দেয়া এক ভাষণে তিনি এ কথা জানান। বাইডেন বলেন, ১৮ বছরের বেশি বয়েসি সবাই আগামী ১৯ এপ্রিল থেকে টিকা নেয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এর আগে এ সময়সীমা ছিল পয়লা মে। খবর: ভয়েস অব আমেরিকা।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন বলেন, আমাদের টিকাদান কর্মসূচি বেশ ভালোভাবে চলছে। ভ্যাকসিন পাওয়ার নিয়ম নীতি আমরা সহজ করছি।
তিনি দাবি করেন, ‘আমরাই বিশ্বে প্রথম ১৫ কোটি লোককে টিকা দিতে পেরেছি। এছাড়া ৬ কোটি ২০ লাখ লোককে দুইটি ডোজই দেয়া হয়েছে।’
বাইডেনের ১৯ এপ্রিল সময়সীমার অর্থ যারা টিকা নিতে চান তাদের জন্য এর মধ্যে বয়স, স্বাস্থ্য ও অন্যান্য শর্তাদি তুলে নেয়া হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত ক্যালিফোর্নিয়া টিকা দেয়ার এ অগ্রগতি বজায় থাকলে আগামী ১৫ জুন নাগাদ সবকিছু খুলে দেবে। রাজ্যের গভর্ণর গেভিন নিউসম এ কথা জানান।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এই রাজ্যে এ পর্যন্ত ২ কোটি লোককে টিকা দেয়া হয়েছে।
এতোদিন সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ ও মৃত্যুর রেকর্ডধারী যুক্তরাষ্ট্র বর্তমানে টিকা দেয়ার ক্ষেত্রেও বিশ্বের অন্যান্য দেশের চেয়ে এগিয়ে রয়েছে।
যুক্তরাষ্ট্রে টিকা/এএমএম/টিটি
















Leave a Reply